
এই যে প্রিয়তম,
আপনাকে কি কখনো বলেছি, বৃষ্টি নামলেই কেন জানি আমার সমস্ত চেতনা জুড়ে আপনি ভেসে আসেন? আজও তেমনি এক শ্রাবণ সন্ধ্যায় জানালার কাঁচে কপাল ঠেকিয়ে বসে আছি, আর আমার কল্পনার গভীর অরণ্যে আপনি হেঁটে বেড়াচ্ছেন। অথচ বাস্তবের কোনো পথে কখনো আপনার সঙ্গে আমার দেখা হয়নি, একটি বারও নয়। তবু স্বপ্নের জগতে আপনি যেন কত চেনা। স্বপ্নে দেখা প্রথম যে রাতে রিকশার হুড সরিয়ে আপনি এক ঝলক হেসেছিলেন, আমি স্তব্ধ হয়ে ভেবেছিলাম, এত নিষ্পাপ, এত সুন্দর কেউ হয় কী করে! যেন ভিন্ন কোন জগতের ক্যানভাস থেকে নেমে আসা প্রকৃতির কোনো নিখুঁত কবিতা আপনি। আমার সব চাওয়া-পাওয়া যেন সেদিন শেষ বন্দর খুঁজে পেল আপনার মধ্যে। কবে যে কল্পনাতেই আপনি ধীরে ধীরে আপন হতে শুরু করলেন, টেরই পেলাম না। আমার বুকের ভেতর, হৃদয়; হ্যাঁ, সেই হৃৎপিণ্ড যাকে বলে, ঠিক তার আশপাশে নীরবে একখানি স্থায়ী ঠিকানা বানিয়ে নিলেন আপনি। সে বাড়িতে এখনো কেউ আসে না, শুধু আপনার স্মৃতি আর স্বপ্নেরা নিঃশব্দে ভিড় করে থাকে। অথচ আপনি জানেন না কিছুই। প্রিয়, স্বপ্নেই তো কেবল আমাদের দেখা মেলে! সেই এক রাতের কথা আমার এখনো চোখে লেগে আছে, যখন স্বপ্নের কোনো নিয়ন-আলো মাখা পথ ধরে আপনার কাঁধে আমার মাথা রেখে কতক্ষণ হেঁটেছিলাম! হিসেব করিনি সে সময়ের, কারণ স্বপ্নের ঘড়িতে কাঁটা থাকে না, থাকে শুধু অমলিন অনুভব। কত যে প্রণয়, কত যে না বলা ভালোবাসা ঘুরছিল সে বাতাসে! আপনার সেই হাসি যেন বকুল ফুলের গন্ধে মাতাল করে দেওয়া কোনো মায়া। আমরা কল্পনার সীমানায় বসে হেসেছিলাম পাগলের মতো, হাসাহাসিতে ভেসে গিয়েছিল গোটা স্বপ্নরাত। আর আজ, প্রিয় ভাবতেও অবাক লাগে! সেই আপনিই তো কেবল কল্পনায় আমার “আপনি” হয়ে আছেন, বাস্তবে কখনো হলেন না। হয়তো জেগে থাকা কোনো গগনে আপনি এখন রঙিন ঘুড়ি ওড়ান, দূর আকাশে নাটাই ঘোরান আনমনে। অথচ সে আকাশে আমার স্বপ্নের কোনো রং ছোঁয়নি কখনো।
আমি কষ্টে আছি, প্রিয়। যে কষ্টের বাস্তবে কোনো স্পর্শ নেই, তবু তার তীক্ষ্ণতা বড্ড বাস্তব। আপনাকে ছাড়া আমার দিনগুলো যেন এক রংহীন ক্যানভাস তাতে স্বপ্নের রং ছাড়া আর কিছু আঁকা হয় না। জানি না কেন, তবু জানতে ইচ্ছে করে, কখনো কি কোনো রাতে, কিংবা ভিড়ের ফাঁকে হঠাৎ চোখের কোনায় জল জমে আপনার? কী মনে করে? স্বপ্নলোকের সেই নিয়ন পথ, বকুল গন্ধ, আমার মাথা রাখা কাঁধ, কিছুই কি টানে না আপনাকে? যদি টানে, তবে একবার স্বপ্নের সীমানা পেরিয়ে সত্যিকারের পথে এসে দাঁড়ান, একবার ফিরে তাকান…
ইতি,
আপনার স্বপ্নবাসিনী
রোজ